ট্রেন্ডিং

সামরিক ব্যর্থতার পর ১৫-দফা পরিকল্পনার মাধ্যমে যুদ্ধের লক্ষ্য অর্জন করতে চাইছে যুক্তরাষ্ট্র

ফন্ট সাইজ:
Shares

ইরান বলছে, সামরিক ব্যর্থতার পর যুক্তরাষ্ট্র ১৫-দফা পরিকল্পনার মাধ্যমে যুদ্ধের লক্ষ্য অর্জন করতে চাইছে।

যেকোনো মার্কিন স্থল হামলার ‘চূড়ান্ত’ জবাব দেওয়ার অঙ্গীকার সংসদ স্পিকারের

ইরানের সংসদ স্পিকার রবিবার যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে বলেছেন, সামরিক শক্তিতে যুদ্ধকালীন লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র তা অর্জনের জন্য ১৫-দফা একটি পরিকল্পনা অনুসরণ করছে। তিনি সতর্ক করে বলেন, দেশটির ওপর যেকোনো স্থল হামলার ‘চূড়ান্ত’ জবাব দেওয়া হবে।

টেলিগ্রামে মোহাম্মদ বাঘের কালিবাফ লিখেছেন, “যুক্তরাষ্ট্র প্রকাশ্যে আলোচনার আহ্বান জানাচ্ছে, অথচ গোপনে স্থল-হামলার পরিকল্পনা করছে।”

তিনি বলেন, মার্কিন বাহিনীর যেকোনো স্থল অভিযানের জন্য ইরানিরা প্রস্তুত। এ ধরনের যেকোনো হামলার ‘চূড়ান্ত জবাব’ দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

“আজকাল শত্রুপক্ষের কর্মকর্তাদের কাছ থেকে আলোচনা নিয়ে নানা কথা ও বিবৃতি শোনা যাচ্ছে। আমেরিকা তাদের আকাঙ্ক্ষা প্রকাশ করছে যা যুদ্ধে অর্জন করতে পারেনি, তাকে ১৫-দফা তালিকা হিসেবে ঘোষণা করে কূটনীতির মাধ্যমে তা চাইছে।”

ইরান বুধবার যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের ১৫-দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করে বলেছে, যেকোনো যুদ্ধবিরতি কেবল তেহরানের শর্ত ও সময়সীমার মধ্যেই কার্যকর হবে।

রাষ্ট্রীয় টেলিভিশন একজন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইরান যুদ্ধ শেষ করার জন্য পাঁচটি শর্ত দিয়েছে, যার মধ্যে রয়েছে “আগ্রাসন ও গুপ্তহত্যা” সম্পূর্ণ বন্ধ করা।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েনের প্রেক্ষাপটে ইরানের ওপর স্থল হামলার মার্কিন পরিকল্পনার খবরের মধ্যেই এ ঘোষণা আসে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর বিমান হামলা অব্যাহত রেখেছে, যাতে তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ এ পর্যন্ত ১,৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

ইরান এর জবাবে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক সরঞ্জাম থাকা উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে হতাহতের ঘটনাও ঘটেছে, অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং ব্যাহত হয়েছে বৈশ্বিক বাজার ও বিমান চলাচল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top