খুলনায় ‘ভাত চুরির’ অপবাদে ছাত্র হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ

ফন্ট সাইজ:
0Shares
Post Views: 6

খুলনা শহরের একটি ছাত্রাবাসে ‘ভাত চুরি করে খাওয়ার’ অপবাদ তুলে বেসরকারি নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্র আজমুল হোসেন আযমকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র ক্ষোভ প্রকাশ করছে বিপ্লবী ছাত্র পরিষদ।

বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ এক বিবৃতিতে বলেন, একজন ছাত্রকে সামান্য খাবার নিয়ে অভিযোগ তুলে এভাবে পিটিয়ে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি আমাদের ক্যাম্পাস ও মেস-জীবনে বিরাজমান নিরাপত্তাহীনতা ও নৈরাজ্যের এক ভয়াবহ দৃষ্টান্ত। একজন তরুণ শিক্ষার্থী, যিনি পড়াশোনার জন্য পরিবার ছেড়ে এসেছিলেন, তাকে এভাবে প্রাণ দিতে হলো—এই দায় আমরা কেউই এড়াতে পারি না।

তিনি আরও বলেন, আমরা অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। প্রশাসনের কাছে আমাদের স্পষ্ট বার্তা—তদন্ত যেন কোনোভাবেই প্রভাবিত না হয় এবং প্রকৃত অপরাধীরা যেন আইনের আওতার বাইরে থেকে না যায়।

বিবৃতিতে আহ্বায়ক আবদুল ওয়াহেদ দেশের সব বিশ্ববিদ্যালয় ও ছাত্রাবাসে মব সহিংসতা প্রতিরোধে কর্তৃপক্ষের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান এবং নিহত আজমুলের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক জ্ঞাপন করেন। একই সঙ্গে তিনি সারাদেশের ছাত্র সমাজকে এ ধরনের অমানবিক ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।