ট্রেন্ডিং

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা, নায়ক এস্টারহুইজেন

ফন্ট সাইজ:
Shares

কনর এস্টারহুইজেনের বিধ্বংসী ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
বুধবার সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৩৩ রানে হারিয়ে এই রোমাঞ্চকর জয় তুলে নেয় প্রোটিয়ারা। গত সপ্তাহে নিউজিল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে থাকলেও শেষ দুই ম্যাচ জিতে দারুণভাবে ঘুরে দাঁড়াল দক্ষিণ আফ্রিকা।

ক্রাইস্টচার্চে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা কিছুটা মন্থর হলেও এস্টারহুইজেনের ব্যাটে চড়ে ৪ উইকেটে ১৮৭ রানের বিশাল পুঁজি পায় সফরকারীরা। আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মুখ এস্টারহুইজেন মাত্র ৩৩ বলে ৭৫ রানের এক টর্নেডো ইনিংস খেলেন। জবাবে দক্ষিণ আফ্রিকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ উইকেটে ১৫৪ রানেই থমকে যায় নিউজিল্যান্ডের ইনিংস। জেরাল্ড কোয়েটজি, উইয়ান মুল্ডার এবং ওটনিল বার্টম্যান প্রত্যেকেই দুটি করে উইকেট নেন।

সিরিজ সেরার পুরস্কার জেতা এস্টারহুইজেন নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, “দেশের হয়ে খেলাটা আমার কাছে স্বপ্নের মতো। এটি একটি বিশেষ এবং গর্বের মুহূর্ত।” এর আগের ম্যাচেও ফিফটি করে দলকে সমতায় ফেরাতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি।

নিউজিল্যান্ড শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিলেও শুরুতেই বেঞ্জামিন সিয়ার্স এবং জশ ক্লার্কসন ক্যাচ মিস করায় বিপাকে পড়ে কিউইরা। তবে ১১তম ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর যখন ৭৬/২, তখন ক্রিজে আসেন এস্টারহুইজেন। ২৪ বছর বয়সী এই ব্যাটার মাত্র ২৪ বলে ফিফটি পূর্ণ করেন। তিনি ৪টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে তার ইনিংসটি সাজান। আউট হওয়ার আগে ডিয়ান ফরেস্টারের সঙ্গে চতুর্থ উইকেটে মাত্র ২৭ বলে ৬১ রানের ঝোড়ো জুটি গড়েন তিনি।

১৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে কিউইরা। ওপেনার কাটিন ক্লার্ককে শুরুতেই ফেরান মুল্ডার। এরপর ডেন ক্লিভার (২২), টিম রবিনসন (২৫) এবং নিক কেলি (১৪) দ্রুত বিদায় নিলে ৬৯ রানেই ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে নিউজিল্যান্ড।

নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারকে বিশ্রাম এবং টম ল্যাথামের ইনজুরির কারণে দলের নেতৃত্ব দেন জিমি নিশাম। তিনি শেষ ওভার পর্যন্ত লড়াই করলেও দলকে জেতাতে পারেননি। বিভন জ্যাকবসের ১৯ বলে ৩৬ রানের ক্যামিও ইনিংস হারের ব্যবধানই কমিয়েছে শুধু।

ম্যাচ শেষে নিশাম বলেন, “দুর্ভাগ্যবশত সিরিজের শেষে আমরা আশানুরূপ পারফর্ম করতে পারিনি। দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণ বেশ শক্তিশালী, আর আমাদের ব্যাটাররা বুঝতে পেরেছে আন্তর্জাতিক ক্রিকেটে চ্যালেঞ্জটা কেমন।”

চলতি মাসের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হারা নিউজিল্যান্ড আগামী এপ্রিলে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top