বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ণ

সমন্বয়ক রাফির গ্রামের বাড়িতে আ. লীগের দুর্বৃত্তদের আগুন দেওয়ার চেষ্টা

লেখক: বিডিএক্সপ্রেস ডেস্ক

জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে আওয়ামী লীগের দুর্বৃত্তরা। ঘটনার সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন তার মা-বাবা। তবে প্রতিবেশীদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে পরিবারটি।

বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

খান তালাত মাহমুদ রাফি জানান, ঘটনার সময় তার মা-বাবা বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় পাশের বাড়ির এক নারী আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে পরিবারের সদস্যদের ঘুম ভাঙে। পরে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলেন। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তার মা-বাবা।

রাফির অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার মা-বাবাকে হত্যার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটিয়েছে। দুর্বৃত্তরা বাড়ির বিদ্যুতের মিটারের ঠিক নিচে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়, যাতে তা পুরো বাড়িতে দ্রুত ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টেও তিনি ঘটনার বিবরণ তুলে ধরেন। সেখানে তিনি লেখেন, ‘রাত আনুমানিক ৩টায় আমার গ্রামের বাড়ি (নেত্রকোণায়) আওয়ামী সন্ত্রাসীরা আগুন দিয়েছিল। ঘরের কারেন্টের মিটারের ঠিক নিচে পেট্রল ঢেলে আগুন লাগিয়েছে। ভাগ্যক্রমে বাড়ির মানুষজন জেগে যাওয়ায় আল্লাহ আমার আব্বা-আম্মাকে বাঁচিয়েছেন।’

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, রাত সাড়ে ৩টার দিকে কে বা কারা বাড়িটিতে আগুন দেওয়ার চেষ্টা করে। পরিবারের সদস্যরা জেগে ওঠায় এবং তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসায় দুর্বৃত্তরা আগুন ছড়াতে পারেনি। এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%af%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ১৯-১১-২০২৬, ০৭:৩৪ অপরাহ্ণ