সৌদি আরব প্রবাসীদের ওয়ার্ক পারমিট সংক্রান্ত জটিলতা নিরসনে একটি বিশেষ সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।
মঙ্গলবার রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট এবং নতুন বা ট্রান্সফার হওয়া কর্মী- এই দুই ধরনের কর্মী এই সুযোগটি নিতে পারবেন।
অর্থাৎ যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর ১২ মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে এবং যারা নতুন নিয়োগ পেয়েছেন অথবা অন্য কোনো প্রতিষ্ঠানে ট্রান্সফার হয়েছেন, কিন্তু ছয় মাস পার হওয়া সত্ত্বেও এখনও ওয়ার্ক পারমিট হাতে পাননি।
এই কর্মীদেরকে চলতি ২০২৬ সালের মধ্যে এই সুযোগ কাজে লাগিয়ে তাদের ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়ন সম্পন্ন করতে পারবেন।
শ্রমবাজারে স্বচ্ছতা আনতে এবং নিয়োগকর্তা ও কর্মীর মধ্যে অধিকারের ভারসাম্য বজায় রাখতে সৌদি সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হেয়ছে।
মূলত অনেক প্রতিষ্ঠান ও কর্মী ইতোমধ্যে বৈধকরণের প্রক্রিয়া শুরু করায় মন্ত্রণালয় তাদের সহযোগিতার জন্য এই সময়সীমা দিয়েছে।
সব নিয়োগকর্তা ও কর্মীদেরকে নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।
নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধ কাগজপত্র তৈরি না করলে সৌদি শ্রম আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://bdexpress.news/about-work-permits-for-saudi-expatriates/© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৯:৩৪ অপরাহ্ণ