বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ

১৮ মাস পর আবার ঢাকা-আগরতলা-কলকাতা বাস সার্ভিস চালু

লেখক: মুহিবুর হোসাইন

দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হলো ঢাকা-আগরতলা-কলকাতা সরাসরি আন্তর্জাতিক বাস সেবা৷

গতকাল মঙ্গলবার বিকেলে ‘রয়াল মৈত্রী’ পরিবহনের একটি বাস পরীক্ষামূলকভাবে ঢাকার কমলাপুর বাস ডিপো থেকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতের ত্রিপুরার আগরতলায় প্রবেশ করে৷

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং ভিসা জটিলতার কারণে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এই সেবাটি এতদিন বন্ধ ছিল৷ দীর্ঘ বিরতির পর দুই দেশ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে পরীক্ষামূলকভাবে আবার এই রুটটি চালু করলো৷

ঢাকা-আগরতলা-কলকাতা বাস সার্ভিসের জেনারেল ম্যানেজার ওয়ারিশ আলম ডিএস ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টারকে জানান, প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে সপ্তাহে দুদিন এই বাস চলবে৷ পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল থাকা সাপেক্ষে পরে সপ্তাহে তিন দিন নিয়মিত সার্ভিসটি চালানোর পরিকল্পনা রয়েছে৷

আগরতলা থেকে গুয়াহাটি হয়ে ট্রেনে কলকাতা পৌঁছাতে প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়৷ অন্যদিকে, ঢাকার ওপর দিয়ে বাস ভ্রমণে এই দূরত্ব কমে দাঁড়ায় মাত্র ৫০০ কিলোমিটারে, যা যাত্রীদের সময় ও খরচ দুটোই বাঁচিয়ে দেয়৷

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এই বাস সেবা আবার চালু হওয়াকে স্বাগত জানিয়েছেন৷ রাজ্যের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী এই বাস সেবাকে কেবল একটি পরিবহন সংযোগ হিসেবে নয়, বরং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে বর্ণনা করেছেন৷

তার মতে, এই সেবা পুনরায় চালু হওয়ায় যোগাযোগ, পর্যটন ও বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে৷ তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুসংহত হবে৷

স্থানীয় গণমাধ্যমকে সুশান্ত চৌধুরী আরো বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কে অতীতে কিছুটা টানাপড়েন থাকলেও বাংলাদেশে নতুন সরকার গঠনের পর দুই পক্ষের আলোচনার মাধ্যমে সম্পর্ক পুনরায় ইতিবাচক ধারায় ফিরেছে৷

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/dhaka-agartala-kolkata-bus-route-reopens/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০৩:২৫ অপরাহ্ণ