বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ণ

জামায়াতের এজেন্ট হওয়ায় চাকরি হারালেন ইমাম

লেখক: মুহিবুর হোসাইন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করায় কুমিল্লার নাঙ্গলকোটে আব্দুল আলিম ভূঁইয়া নামে এক ইমাম ও খতিবকে চাকরিচ্যুত করা হয়েছে। 

ঘটনাটি ঘটেছে উপজেলার হেসাখাল ইউনিয়নের খামারপাড়া মজুমদার বাড়ি জামে মসজিদে। বিষয়টি নিশ্চিত করেছেন মসজিদ কমিটির সভাপতি নিজেই। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তাকে মসজিদে যেতে নিষেধ করা হয় এবং ১৫ ফেব্রুয়ারি ইমামতির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। 

জানা গেছে, ২০২১ সাল থেকে ওই মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আব্দুল আলিম। সর্বশেষ সংসদ নির্বাচনে তিনি হেসাখাল স্কুল কেন্দ্রে জামায়াতের পোলিং এজেন্ট ছিলেন। নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) দায়িত্ব পালনের কারণে তিনি অন্য এক ইমাম ঠিক করে দেন নামাজ পরিচালনা করার জন্য। তবে জামায়াতের এজেন্ট হওয়াকে কেন্দ্র করে শহীদ জিয়া স্মৃতি সংসদের নাঙ্গলকোট উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম মজুমদার ইমামকে চাকরিচ্যুত করতে বাধ্য করেন। 

ইমাম আব্দুল আলিম বলেন, মাত্র সাত হাজার টাকা বেতনে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করতেন। নির্বাচনে এজেন্ট হওয়ায় পরদিন শুক্রবার স্থানীয় বিএনপি নেতা জাহাঙ্গীর আলম তাকে মসজিদে যেতে নিষেধ করেন। মসজিদে গেলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়। 

মসজিদ কমিটির সেক্রেটারি মোজাফফর হোসেন সেলিম বলেন, শুক্রবার জুমার নামাজ আদায় করতে মসজিদে গিয়ে দেখি ইমাম সাহেব নেই। ইমাম না থাকার বিষয়ে জানতে চাইলে আমার ওপর আক্রমণ করেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম। পরে তার সিদ্ধান্তেই ইমামকে চাকরিচ্যুত করা হয়। তবে এ বিষয়ে ইতোমধ্যে মুসল্লিদের ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।

মসজিদ কমিটির সভাপতি ওবায়েদ মজুমদার বলেন, নির্বাচনে জামায়াতের এজেন্ট হওয়ায় বিভিন্ন দিক থেকে চাপ আসে। সেই কারণে ইমামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মসজিদের কোনো দায়িত্বে না থাকলেও ইমামকে চাকরিচ্যুত করতে সর্বোচ্চ ভূমিকা রাখেন।

অভিযুক্ত বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। 

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/imam-loses-job-for-being-jamaat-agent/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০৩:২০ অপরাহ্ণ