জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘যুবকদের হাত ধরে দেশ এগিয়ে চলবে। এ দেশকে আমরা যুবকদের হাতে তুলে দিতে চাই। এটা আমাদের মুখের কথা নয়, বুকের কথা। এই যুবকদের কারণে আমি এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি।’
আজ শনিবার দুপুরে নিজ জন্মস্থান মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান। জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা শাখা এই সভার আয়োজন করে।
দুপুর ১২টার দিকে সভা মঞ্চে পৌঁছান জামায়াত আমির। শুরুতেই তিনি বলেন, ‘আমি একটি বিষয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিচ্ছি। নির্বাচনের প্রস্তুতি যখন শুরু হয়, তখন দেশ-বিদেশের অসংখ্য ভাই অনুরোধ করে বলেছিলেন, আমি যেন দুটি আসনে নির্বাচন করি। একটি জন্মস্থান (মৌলভীবাজার-২, কুলাউড়া উপজেলা) ও আরেকটা ঢাকায়। আমি তাঁদের হ্যাঁ-ও বলিনি, না-ও বলিনি। তাঁরা মনে করেছিলেন, আমি বোধ হয় ইলেকশন করব না। আমি ঢাকায় নির্বাচন করছি।’
মৌলভীবাজার-২ আসনে দলীয় প্রার্থী মো. সায়েদ আলীর কথা উল্লেখ করে জামায়াতের আমির বলেন, ‘সব আসনে আমাদের একজন করে প্রার্থী থাকলেও এখানে দুজন। একজন ছায়া, আরেকজন বাস্তব। কুলাউড়ার উন্নয়নের দায়িত্ব আমি সরাসরি নিলাম।’
চা-শ্রমিকদের উদ্দেশে জামায়াতের আমির বলেন, ‘এখানে বিপুলসংখ্যক চা-শ্রমিক ভাই-বোনেরা আছেন। চায়ের রাজধানী মৌলভীবাজারে আমার জন্ম। তাঁদের ভুলে গেলে নিজেকে ভুলে যাওয়ার শামিল হয়ে যাবে। চা-শ্রমিকদের জন্য সুস্বাস্থ্য-শিক্ষা দরকার। আমরা চাই না রাজার ছেলে রাজা হোক, রানির মেয়ে রানি হোক। আপনার সন্তান যদি মেধাবী হয়, আমরা যদি তার মেধা বিকাশের দায়িত্ব নিই, তাহলে সে এক দিন দেশের প্রধানমন্ত্রী হবে।’
সভায় জামায়াত আমির মৌলভীবাজার-২ আসনের দলীয় প্রার্থী মো. সায়েদ আলী ও মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী উপজেলা) আসনের প্রার্থী মাওলানা আমিনুল ইসলামকে পরিচয় করিয়ে তাঁদের জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান।
মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর আমির মৌলভীবাজার-২ আসনে দলীয় প্রার্থী মো. সায়েদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি ইয়ামির আলীর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুর রব, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির আবদুর রহমান, লেবার পার্টির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শাহ মাছুম ফারুকী বক্তব্য দেন। এর আগে শফিকুর রহমান হেলিকপ্টারে করে কুলাউড়া সরকারি কলেজ মাঠে পৌঁছান।
জামায়াতের আমির শফিকুর রহমানের বাড়ি কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে। তিনি ২০০১ সালের সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://bdexpress.news/i-want-to-hand-over-the-country-to-the-youth/© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ০২-০৪-২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ণ