বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৫, ০৬:০৭ অপরাহ্ণ

সুনামগঞ্জের তিনটি আসনে বিএনপির প্রতিদ্বন্দ্বী জামায়াত

লেখক: বিডিএক্সপ্রেস ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১, সুনামগঞ্জ-৩ ও সুনামগঞ্জ-৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক, সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর এম আহমদ ও সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন আহমেদ মিলন দলের মনোনয়ন পেয়েছেন।

সুনামগঞ্জ-২ ও সুনামগঞ্জ-৪ আসনের প্রার্থী পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির প্রার্থী ঘোষণার পরপরই জেলার সর্বত্র ভোটের মাঠ সরগরম হয়ে উঠেছে। ঘোষিত সুনামগঞ্জের তিনটি আসনেই বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন জামায়াতের প্রার্থীরা।

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসন হাওড় ঘেরা চারটি উপজেলা নিয়ে গঠিত। এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হক।

এ আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছেন সুনামগঞ্জ জেলা জামায়াতের বর্তমান আমির, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান। তিনি দীর্ঘদিন ধরে এ আসনের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা কয়ছর এম আহমদ। এ আসনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন খান। তিনি সিলেট মহানগর জামায়াতের পেশাজীবী বিভাগের ৩নং থানা আমির ও সিলেট জজ কোর্টের এপিপি। তিনি সিলেট এমসি কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি ছিলেন। পূর্বঘোষিত প্রার্থী হওয়ায় তিনি এ আসনে প্রচার-প্রচারণা চালাচ্ছেন নিয়মিত।

এ আসনে খেলাফত মজলিশ নেতা সাবেক এমপি শাহীনুর পাশা চৌধুরী, জমিয়ত নেতা সৈয়দ তালহা আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে।

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন। তিনি এ আসনে বিএনপি থেকে একবার, জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী হিসেবে একবার  এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে একবারসহ মোট তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ আসনে তার মূল প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানি। একজন আলেম হিসেবে অত্র এলাকায় তার সুখ্যাতি রয়েছে। তিনি শিক্ষক, খতিব, মুফাসসির ও জনসেবক। তিনি সিলেট মহানগর জামায়াতের মজলিসে কর্মপরিষদ সদস্য। আব্দুস সালাম আল মাদানি ইসলামী ঐক্যজোটের ব্যানারে মিনার প্রতীক নিয়ে উক্ত আসন থেকে একবার সংসদ নির্বাচন করেছেন।

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/jamaat-and-bnps-sunamganj-seats/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০২:১৫ অপরাহ্ণ