লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ভঙ্গুর যুদ্ধবিরতির ওপর আরও চাপ সৃষ্টি করে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪ জন নিহত হওয়ার খবর জানানোর পর এই হুমকি দিল ইসরায়েল।
২০২৪ সালের যুদ্ধবিরতির পরও লেবাননের দক্ষিণাঞ্চলের ৫ টি এলাকায় ইসরায়েল সেনা রেখেছে এবং প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ লেবানন সরকারের বিরুদ্ধে হিজবুল্লাহকে নির্মূলের চেষ্টায় বিলম্ব করার অভিযোগ করেছেন।
এক বিবৃতিতে কাটজ বলেন, “হিজবুল্লাহ আগুন নিয়ে খেলছে। আর লেবাননের প্রেসিডেন্ট তা আমলে নিচ্ছেন না। লেবানন সরকার হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং দক্ষিণ লেবানন থেকে তাদেরকে সরানোর যে অঙ্গীকার করেছিল তা বাস্তবায়ন করতে হবে।”
তিনি আরও বলেন, “সর্বোচ্চ শক্তি প্রয়োগ চলবে এবং তা বাড়বে। আমরা উত্তরের বাসিন্দাদের জন্য কোনও হুমকি মেনে নেব না।”
কাটজ এর এই হুমকির আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রণালয় নিশ্চিত করে জানিয়েছিল, তারা দক্ষিণ লেবাননে রাতে বিমান হামলা চালিয়েছে। এতে হিজবুল্লাহর বিশেষ অভিযান পরিচালনাকারী রাদোয়ান বাহিনীর চার সদস্য নিহত হয়।
ইসরায়েলের সেনাবাহিনী বলছে, কাফের রেমান শহরে ওই বাহিনীর সেনা, রসদ ও যুদ্ধ বিষয়ক প্রধানকে নিশানা করে হামলা চালায় তারা। তার নাম ইসরায়েল জানায়নি।
তবে বলেছে, দক্ষিণ লেবাননে অস্ত্র স্থানান্তর এবং সন্ত্রাসী অবকাঠামো পুনরুদ্ধারের চেষ্টায় তিনি জড়িত ছিলেন। রাদোয়ান বাহিনীর কর্মকাণ্ড যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলেও অভিযোগ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর।
২০২৩ এর অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হলে ভূখণ্ডটির ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলে হামলা শুরু করে লেবাননের ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ।
এক বছরের বেশি সময় ধরে লড়াই চলার পর তীব্র ইসরায়েলি হামলায় দুর্বল হয়ে পড়া হিজবুল্লাহ ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়।
এই চুক্তিতে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলিদের সেনাদের সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি থাকলেও ওই অঞ্চলে অবস্থান নেওয়া সেনাদের পাঁচ এলাকায় রেখে দেয় ইসরায়েল। তারপর থেকে প্রায় প্রতিদিন আকাশ হামলা চালিয়ে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে তারা।
ইসরায়েলের দাবি, তারা হিজবুল্লাহকে লক্ষ্য করে এ হামলা চালাচ্ছে। কিন্তু এসব হামলায় বেসামরিক, জরুরি পরিষেবার কর্মী ও সাংবাদিকরাও নিহত হচ্ছেন।
জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী লেবাননে অন্তত ১১১ জন বেসামরিককে হত্যা করেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://bdexpress.news/israel-threatens-lebanons-hezbollah/© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০৫:৪৫ অপরাহ্ণ