বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ণ

প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

লেখক: বিডিএক্সপ্রেস ডেস্ক
বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন, যেখানে সংসদ নির্বাচনের বড় অংশের প্রার্থী চূড়ান্ত হতে পারে।

সোমবার বেলা ১২টা ১০ মিনিটে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে জানিয়ে মিডিয়া সেল বলছে, বৈঠকের পর বিকাল ৩টায় সংবাদ সম্মেলন করা হবে।

দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান, বৈঠকে দল ও জোটগতভাবে একক প্রার্থী চূড়ান্তকরণের বিষয়টি থাকবে।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা সশরীরে উপস্থিত থাকবেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করবেন তারেক রহমান।

এদিকে বিভাগওয়ারী সাংগঠনিক সম্পাদকদের দুপুরেই গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

প্রবাসে থাকা বিএনপির নেতাকর্মীদের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণ কর্মসূচির অংশ হিসেবে দলের ওয়েবসাইটে অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু করা হয় রোববার রাতে। এ উপলক্ষে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে যুক্ত হয়ে তারেক রহমান শিগগিরই দলীয় প্রার্থীদের নাম প্রকাশের ঘোষণা দেন।

তিনি বলেন, “শিগগিরই পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থীদের নাম আমরা জানিয়ে দিব দলের পক্ষ থেকে। দল যাকে যে আসনে নমিনেশন দেবে বা দেয়, অনুগ্রহপূর্বক তাকে বিজয়ী করে আনার জন্য ঐক্যবদ্ধভাবে প্রত্যেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ দয়া করে কাজ করবেন।”

গত দুই সপ্তাহ ধরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিভিন্ন বিভাগের প্রার্থীদের ডেকে কথা বলেছেন তারেক রহমান। তিনি প্রার্থীদের বলেছেন, দল সবকিছু বিবেচনা করে যাকেই মনোনীত করবে, তার পক্ষে সবাইকে কাজ করতে হবে।

প্রথম দফায় ’শ দুয়েক আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে বলে বিএনপির একাধিক নেতা জানিয়েছেন। সম্প্রতি দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নভেম্বরের প্রথম দিকে প্রায় দুইশ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/bnp-standing-committee-meets-to-finalise-candidates/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০৪:৩৯ অপরাহ্ণ