বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫, ০৩:১৭ অপরাহ্ণ

নির্বাচন কমিশনকে গণঅধিকার পরিষদের ৯ প্রস্তাবনা

লেখক: বিডিএক্সপ্রেস ডেস্ক
প্রধান নির্বাচন কমিশনারের কাছে গণঅধিকার পরিষদের প্রস্তাবনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে ৯ দফা লিখিত প্রস্তাবনা পেশ করেছে গণঅধিকার পরিষদ।

বুধবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠকে এ প্রস্তাবনা তুলে ধরা হয়।

দলটির সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান, অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল রায়হান এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মহিউদ্দিন ইউসুফ।

গণঅধিকার পরিষদের পক্ষ থেকে পেশকৃত ৯ দফা প্রস্তাবনা হলো-

১। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট প্রদান নিশ্চিত করা।

২। রাজনৈতিক দল, প্রতিষ্ঠান ও ব্যক্তি সংশ্লিষ্টদের রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসারসহ নির্বাচনি কর্মকাণ্ডে না রাখা।

৩। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা করা এবং কেন্দ্রের বাইরে একটি জায়ান্ট স্ক্রিনে জনসাধারণের জন্য কেন্দ্রের ভেতরের ভোট কার্যক্রম ও ভোট গণনা পর্যবেক্ষণের ব্যবস্থা করা।

৪। রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ব্যালট বাক্স উপজেলাতে পাঠানোর সময় এবং ভোট কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে আসা পর্যন্ত সার্বক্ষণিক প্রার্থীদের এজেন্টদের সঙ্গে রাখা।

৫। ভোট কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করা এবং কেন্দ্র দখল ও জালভোটের অভিযোগ থাকলে ভোট গ্রহণ বন্ধ করা।

৬। কোনো প্রার্থীর সমর্থকরা অন্য নির্বাচনি প্রার্থীর সমর্থকদের নির্বাচনি কাজে বাধা প্রদান, ভয়-ভীতি প্রদর্শন করলে তথ্য-প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা।

৭। বিগত তিনটি (২০১৪, ২০১৮, ২০২৪) নির্বাচনে নির্বাচনি দায়িত্ব পালন করেছে এমন কোনো কর্মকর্তাকে নির্বাচনি দায়িত্ব প্রদান থেকে বিরত রাখা।

৮। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না- এমন বিধান যুক্ত করা।

৯। তফশিলের পর প্রশাসনকে ঢেলে সাজানো।

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/proposal-to-the-chief-election-commissioner/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০৪:৩৯ অপরাহ্ণ