সিরিয়া তাদের সীমান্তে লেবানন থেকে আসা প্রায় ১ কোটি ১০ লক্ষ ক্যাপ্টাগন বড়ি জব্দ করার ঘোষণা দিয়েছে যা দেশটির সাম্প্রতিক ইতিহাসে অন্যতম বৃহৎ মাদকবিরোধী অভিযান বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হোমস প্রদেশের মাদকবিরোধী ইউনিট লেবানন সীমান্ত থেকে প্রবেশ করা একটি ট্রাক আটক করে, যেখানে আনুমানিক ১১ মিলিয়ন (১ কোটি ১০ লক্ষ) ক্যাপ্টাগন বড়ি পাওয়া যায়।
বিবৃতিতে বলা হয়, “জব্দ করা চালানের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধী নেটওয়ার্ক চিহ্নিত করতে এবং জড়িতদের গ্রেপ্তারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।”
ক্যাপ্টাগন, যা অ্যাম্ফিটামিন জাতীয় একটি উত্তেজক মাদক, ২০১১ সালের গৃহযুদ্ধ শুরুর পর থেকে সিরিয়ার অন্যতম বড় রপ্তানি পণ্য হিসেবে পরিচিত।
দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে, বাশার আল-আসাদের সরকারের একাংশ ও সামরিক ঘনিষ্ঠ মহল এই অবৈধ বাণিজ্য থেকে বিপুল অর্থ সংগ্রহ করেছে।
গত ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর, নতুন প্রশাসন একাধিক বৃহৎ মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। তবু প্রতিবেশী দেশগুলো বিশেষত লেবানন, জর্ডান ও সৌদি আরব এখনও বড় আকারের ক্যাপ্টাগন চালান আটকের খবর দিয়ে চলেছে।
লেবাননেও সম্প্রতি এই বাণিজ্য নিয়ে বিতর্ক তীব্র হয়েছে। দেশটির শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহ–র বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা নিজেদের অর্থায়নের জন্য ক্যাপ্টাগন পাচার নেটওয়ার্ক ব্যবহার করছে।
সেপ্টেম্বরে লেবাননের সেনাবাহিনী এক অভিযানে ৬৪ মিলিয়ন বড়ি জব্দ করে, যা তাদের ইতিহাসে সবচেয়ে বড় ক্যাপ্টাগন জব্দ অভিযান বলে বিবেচিত।
এই সিনথেটিক মাদক এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে।
বিভিন্ন দেশ প্রায়ই বড় চালান আটক করার ঘোষণা দিচ্ছে এবং লেবানন ও সিরিয়াকে এই অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে।
ইবতিসাম এলাহি জহির এর বাংলাদেশ সফর নিয়ে দিল্লি তে বাড়ছে টেনশন
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://bdexpress.news/syria-announces-seizure-of-11-million-captagon-pills-from-lebanon/© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ১৪-০৫-২০২৬, ০২:২০ অপরাহ্ণ